আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা
এরশাদ, মইন, মিন্টু, সালমানকে জিজ্ঞাসাবাদ করা হয়নি

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামিদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, সালমান এফ রহমানসহ অনেকের নাম ও কর্মকাণ্ড সম্পর্কে উল্লেখ ছিল।কিন্তু এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী আদালতকে জানিয়েছেন।
আজ সোমবার জাতীয় গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলামের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা আদালতে এ বক্তব্য দেন।
চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।কাল মঙ্গলবার এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবদুর রহিমের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন বলে জানা গেছে।
আইনজীবী কামরুল ইসলাম তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, বনানী, গুলশান ও বারিধারার সেফ হাউসে অনেক পদস্থ ব্যক্তির পদচারণ ছিল।অস্ত্র আনার প্রথম ষড়যন্ত্র এসব হাউসে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।মামলাটি তদন্ত করতে গিয়ে আসামি ও সাক্ষীদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, সাবেক সেনাপ্রধান হাসান মসহুদ চৌধূরী, ব্রিগেডিয়ার বারি, সাবেক সাংসদ গোলাম ফারুক অভি, শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু ও সালমান এফ রহমানসহ অনেকের নাম এসেছে।তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা না-সূচক জবাব দেন।
আইনজীবী সাজ্জাদ ঢাকার বনানী, গুলশান ও বারিধারার সেফ হাউসের অবস্থান সম্পর্কে কিংবা ওই বাড়ির মালিকদের বক্তব্য নেওয়া হয়েছে কি না জানতে চান।তদন্ত কর্মকর্তা না-সূচক জবাব দেন।
আইনজীবী সাজ্জাদ আদালতে বলেন, অস্ত্র আটক মামলার দ্বিতীয় ষড়যন্ত্র ঢাকার সিএমএইচে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।এ সময় তিনি তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, সিএমএইচে গিয়েছেন কি না এবং সংশ্লিষ্ট কারোর বক্তব্য নেওয়া হয়েছে কি না।তদন্ত কর্মকর্তা সিএমএইচে যাননি এবং কারোর বক্তব্য নেননি বলে জানান।
সার্জেন্ট হেলাল উদ্দিন ও আলাউদ্দিন একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন।ওই অস্ত্র মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, আইনজীবী সাজ্জাদের এই প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা না-সূচক জবাব দেন।
আইনজীবী সাজ্জাদ বলেন, কিছু অস্ত্রের গায়ে ‘মেড ইন জাপান’ লেখা আছে।সেটা তদন্ত কর্মকর্তা যাচাই করে দেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, অস্ত্রগুলো চীনের তৈরি বলে সেনা বিশেষজ্ঞ যাচাই করে মতামত দিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের বিশাল চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়। ২০১১ সালের ২৬ জুন আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের তত্কালীন এএসপি মো. মনিরুজ্জামান চৌধুরী। একই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর সাক্ষ্য নেওয়া শুরু হয়।