এরশাদ মাঠে নেই আছে তাঁর পোস্টার

রংপুর-৩ (সদর) আসনে অবশেষে এরশাদ প্রার্থী থাকলেও তিনি নির্বাচনের মাঠে নেই। আছে তাঁর ছবিসংবলিত পোস্টার। তবে এরশাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থী সাব্বির আহমদ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
রংপুর হলো জাতীয় পার্টির ঘাঁটি। রংপুর-৩ (সদর) আসন থেকে এরশাদ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হয়। তবে শেষ পর্যন্ত তা প্রত্যাহূত হয়নি। আর এরশাদ নিজেও এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে ঘোষণা দিয়েছেন। এরশাদের এমন ঘোষণার পর মাত্র দুই দিনের ব্যবধানে এরশাদের ছবিসংবলিত পোস্টার নির্বাচনী এলাকার গ্রাম শহরে ছেয়ে গেছে।
জাতীয় পার্টির প্রচারে এই পোস্টারে বলা হয়েছে, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদ মনোনীত সংসদ সদস্য পদপ্রাথীর সালাম নিন, লাঙল মার্কায় ভোট দিন’।
এরশাদের নির্বাচনী এলাকাসহ রংপুরের সব নির্বাচনী এলাকায় এই পোস্টার পড়েছে। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী পোস্টার টাঙানো হলেও ভোটারদের কাছে লাঙলের প্রার্থীর হয়ে জাতীয় পার্টির কোনো প্রচার-প্রপাগান্ডা নেই। নেই কোনো নির্বাচনী সভা কিংবা গণসংযোগ।
এ ধরনের পোস্টার টাঙানো নিয়ে এরশাদের সমর্থক ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। শহরের সিও বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘হামরা তো কিছু বুঝবার পাইতোছি না। টিভিত দেখাইল এরশাদ ভোট কইরবার নয়, কিন্তু এলা ফির কেনবা দেখতোছি এরশাদের পোস্টার দিয়া ভোট চাইতোছে।’
শহরের লালবাগ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রহিম মিয়া বলেন, ‘যেটাই হোক না কেনে মনে হইতোছে ভোট হইবে। কী আর করা যাইবে। ভোট হইলে ভোট দেমো।’
এরশাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের সাব্বির আহমেদ মশাল মার্কা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করে চলেছেন। মশাল মার্কায় ভোট চেয়ে মাইকযোগে প্রচারও চালানো হচ্ছে। সাব্বির আহমেদ বলেন, ‘নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মানুষের মধ্যে ভোট নিয়ে কৌতূহল বাড়ছে। আশা করছি, এই আসনে মানুষজন কেন্দ্রে ভোট দিতে আসবেন।’
জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মসিউর রহমান রাঙ্গা প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা দলের চেয়ারম্যান এরশাদের মনোনয়নপত্র যেহেতু প্রত্যাহার হয়নি, তাই ভাবতে হবে এখানে জাতীয় পার্টি ভোট করছে। এমনকি দলের চেয়ারম্যানের ভাই জিএম কাদেরও ভোট করছেন।
এখনো জাতীয় পার্টি সর্বদলীয় সরকারের মন্ত্রিপরিষদেও আছেন বলে মন্তব্য করে মসিউর রহমান বলেন, ‘এই নির্বাচনে ভোট না করার কোনো কারণ নেই।’