জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, এরশাদ যদি ক্ষমতায় আসার জন্য যড়যন্ত্র করে থাকেন, তাহলে সে ষড়যন্ত্রের ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন মির্জা ফখরুলের পিতাসহ বিএনপির নেতারা।
গণমাধ্যমে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাখ্যান করে গতকাল মঙ্গলবার এক পাল্টা বিবৃতিতে জিয়াউদ্দিন বাবলু এ কথা বলেন।
বিবৃতিতে জাপা মহাসচিব মির্জা ফখরুলকে জাতীয় পার্টির ‘ঘরের ছেলে ও ভাতিজা’ বলে সম্বোধন করেন এবং তাঁর রাজনৈতিক ঐতিহ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘জাপার ঘরের সন্তান মির্জা আলমগীরের পিতৃনিন্দা শুনে আমি একটুও অবাক হইনি। কারণ, গোয়েবলসীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি তাঁর পিতার রাজনৈতিক পরিচয়ও ভুলে গেছেন।’
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছিলেন, এরশাদ যেমন কেনাবেচা করতে পারেন, ঠিক তেমনি নিজেও কেনাবেচার পণ্য হতেও পারঙ্গম। রাজনৈতিক দ্বিচারিতা, প্রাসাদ ষড়যন্ত্র, নির্লজ্জ মিথ্যাচার, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও ধর্মের নামে ভন্ডামির এক মূর্ত প্রতীক হচ্ছেন এরশাদ। ফখরুল ‘ছলচাতুরীর আশ্রয় নিয়ে’ সামরিক বাহিনীর শীর্ষ পদে আসীন হওয়া, অবৈধভাবে ক্ষমতা দখলের কূটকৌশল করা ও এর সূত্র ধরে জিয়াউর রহমানসহ অনেক মুক্তিযোদ্ধার প্রাণ হারানোর জন্য এরশাদকে দায়ী করে তাঁর প্রকাশ্য শাস্তি দাবি করেন।
এর জবাবে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘মির্জা সাহেবের নেত্রী খালেদা জিয়াকে এরশাদ যে দুটি বাড়ি ও ইনস্যুরেন্সের টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই অপরাধ ক্ষমার অযোগ্য? তিনি মির্জা ফখরুলের পিতা মির্জা রুহুল আমিনের এরশাদের মন্ত্রিসভার সদস্য হওয়ার কথা উল্লেখ করে বলেন, এরশাদ যদি ক্ষমতায় আসার জন্য যড়যন্ত্র করে থাকেন, তাহলে সে ষড়যন্ত্রের ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন মির্জা ফখরুলের পিতাসহ বিএনপির নেতারা।