এরশাদ-রুহুলের পক্ষে পোলিং এজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

রংপুরে নির্বাচনী মাঠে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ না থাকলেও দলের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। লালমনিরহাট-১ আসনে এইচ এম এরশাদ ও লালমনিরহাট-৩ আসনে এরশাদের ভাই জি এম কাদেরের পক্ষে গতকাল শনিবার পর্যন্ত কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়নি।
দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকলেও তাঁর পক্ষে জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষ থেকে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।
রংপুর জেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন গতকাল রংপুর-৩ (সদর) আসনের ২০৫টি ভোটকেন্দ্রে এক হাজার ২০০-এরও বেশি পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ছয়জন করে পোলিং এজেন্ট রয়েছেন। এজেন্ট নিয়োগের দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ড কমিটি।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মসিউর রহমান বলেন, এরশাদ যেহেতু দলের চেয়ারম্যান এবং রংপুর হলো এরশাদের ঘাঁটি। এখানে দলীয় চেয়ারম্যানের পরাজয় হলে দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে। এসব কারণে প্রতিটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া হয়েছে।

রুহুল আমিন হাওলাদার
রুহুল আমিন হাওলাদার

এইচ এম এরশাদ রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন। পরে তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করা হলেও তা প্রত্যাহার হয়নি।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন বলেন, ‘আমাদের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের যথাক্রমে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহারের আবেদন করেন। এর পর থেকে এ পর্যন্ত নির্বাচনী কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা নেই। এ কারণে এই দুই আসনের কোনো ভোটকেন্দ্রে আমরা কোনো পোলিং এজেন্ট দিইনি।’
লালমনিরহাটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা বলেন, ভোট গ্রহণের দিন সকাল পর্যন্ত পোলিং এজেন্টদের নামের তালিকা ও আবেদনপত্র গ্রহণের সুযোগ রয়েছে।

জি এম কাদের
জি এম কাদের

পটুয়াখালী-১ আসনে জাপার প্রার্থী রুহুল আমিন হাওলাদারের পক্ষে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, ‘আসলে সমঝোতার মাধ্যমে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশেই লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেছি। নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়ে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই আসনের ১৪৪টি ভোটকেন্দ্রের জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৬৫৩ জন কর্মী-সমর্থককে পোলিং এজেন্ট হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে তাঁদের মধ্যে আওয়ামী লীগের কর্মীর সংখ্যাই বেশি।’
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম মামুন বিষয়টি স্বীকার করেছেন।