এরশাদ শিকদারের দেহরক্ষী সামসু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের দেহরক্ষী সামসুল আলম ওরফে ব্ল্যাকার সামসুকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁকে ঢাকার একটি আদালতে সোপর্দ করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে সামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার ইকবাল হোসাইন।
ইকবাল হোসাইন জানান, সামসুল আলম সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, সামসুল আলম দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে হলেও জীবনের অধিকাংশ সময় তিনি রূপসার রাজাপুর এলাকায় কাটিয়েছেন। তিনি এরশাদ শিকদারের সহচর ও দেহরক্ষী হিসেবে পরিচিত ছিলেন।
রূপসা থানার ওসি মেজবা উদ্দীন জানান, র্যা ব-৪-এর একটি দল ২০০৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সামসুল আলমকে প্রেপ্তার করে। ২৮ ডিসেম্বর তাঁকে খুলনায় এনে র্যা ব-৬-এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যা ব ৩০ ডিসেম্বর তাঁর মালিকানাধীন রূপসার রাজাপুরের বাড়ি থেকে ১২টি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করে। এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়। ওই মামলায় ২০১৩ সালে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এর আগেই তিনি জামিনে মুক্ত হন। ওই সাজা নিয়ে তিনি এত দিন আত্মগোপন করে ছিলেন।