জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ শিগগিরই গণমাধ্যমের সামনে হাজির হয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, চেয়ারম্যান নিজেই বর্তমান সংকট ও দলের ভুল-বোঝাবুঝির সমাধান করবেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গুলশানের নিজ বাসার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।
এরশাদ কবে শপথ নেবেন, জানতে চাইলে জাপার মহাসচিব বলেন, ‘দু-এক দিনের মধ্যে হয়তো শপথ নেবেন। তিনি শিগগিরই গণমাধ্যমের সামনে এসে তাঁর মনের কথাও বলবেন।’
শপথ নিতে এরশাদের দেওয়া চারটি শর্তের বিষয়ে প্রশ্ন করলে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। তবে শর্ত না দিলে গণমাধ্যমে আসা এ রকম খবরের নিশ্চয়ই প্রতিবাদ আসত।’
প্রসঙ্গত, এরশাদ শপথ নিতে ও বিরোধীদলীয় নেতা হতে অনাপত্তির কথা জানিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কাছে চারটি শর্ত দিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।