এরশাদকে আটক সাজানো নাটক: নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে গতকাল বৃহস্পতিবার রাতে আটকের ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে নিতেই এ নাটক সাজানো হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন।
সম্মেলন থেকে ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীসহ প্রতিটি বিভাগীয় শহরে এক মিনিট কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। অবিলম্বে রাজনৈতিক সহিংসতার অবসান ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে ‘আটক’ হন এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এরশাদকে তাঁর বারিধারার বাসা থেকে র্যাব আটক করে নিয়ে যায়।
তবে র‌্যাব-১-এর পরিচালক কিসমত্ হায়াত রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, এরশাদকে আটক করা হয়নি। তিনি চিকিত্সার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন। র‌্যাব তাঁকে নিরাপত্তা দিচ্ছে।
এ নির্বাচন বর্জনের সিদ্ধান্তে এরশাদ অনড় থাকায় তাঁর স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) একাংশকে নির্বাচনে রাখার আয়োজন সরকার প্রায় সম্পন্ন করেছে। এমন কি এই অংশটিকে দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সরকারের এমন তত্পরতার খবর প্রচার হওয়ায় তড়িঘড়ি করে গতকাল বেলা ১২টায় সিইসিকে চিঠি দেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। চিঠিতে তিনি ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ কাউকে বরাদ্দ না দিতে কমিশনকে অনুরোধ করেন। চিঠিতে বলেন, ‘জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে “লাঙ্গল” প্রতীকপ্রাপ্ত। আমাদের সিদ্ধান্ত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। ইতিমধ্যে দলের দেওয়া সব মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

কমিশন সচিবালয় সূত্র জানায়, জাপার যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না, তাঁদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন মনে করে, নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলে প্রার্থীদের ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। কারণ দলীয় প্রধানের চিঠির ভিত্তিতে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে যাবে—এমন সুস্পষ্ট বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই।