এরশাদকে আটকের প্রশ্নে সরকারকে দেওয়া উকিল নোটিশ প্রত্যাহার
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বেআইনিভাবে ‘আটক’ রাখার প্রশ্নে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. বখতিয়ার উদ্দিন খান ইকবালের পক্ষে তিনি এই নোটিশ দেন। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বখতিয়ার এ কথা জানান।
তবে রাত আটটার দিকে যোগাযোগ করা হলে রফিক উল হক প্রথম আলো ডটকমকে বলেন, ওই নোটিশ প্রত্যাহার করা হয়েছে। উকিল নোটিশে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাঁকে মুক্তি বা আদালতে হাজির করা হবে না। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আবেদন করা হবে।
রফিক-উল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ) বরাবর নোটিশটি দেন। নোটিশে উল্লেখ করা হয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরশাদকে ‘আটক’ করে বলে ধারণা করা হচ্ছে। ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এরশাদকে তাঁর বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে গ্রেপ্তার/আটক করে। গ্রেপ্তার/আটকের কিছুক্ষণ পর এরশাদকে জোর করে র্যাব-১-এর একটি নীল রঙের মাইক্রোবাসে করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। র্যাব দাবি করে, গুরুতর অসুস্থ হওয়ায় এরশাদকে সিএমএইচ এ পাঠানো হয়। র্যাবের এই বিবৃতি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে নোটিশে।
কারণ এরশাদ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এ ছাড়া অসুস্থ বলা হলেও এরশাদকে তাঁর পরিবারের সদস্য, বন্ধু, রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, যোগাযোগও করতে দেওয়া হচ্ছে না। প্রকৃতপক্ষে তাঁকে অসুস্থতার অজুহাতে আটক রাখা হয়েছে।
উকিল নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের ৩৩-এর ১ ধারা অনুযায়ী আটককৃত ব্যক্তি নিজের পছন্দমতো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। এ ছাড়া ৩৩-এর ২ ধারা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটতম আদালতে হাজির করতে হবে।