এরশাদকে ক্ষমা চাইতে বললেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়াউর রহমানের ক্ষমতায় যাওয়া নিয়ে এরশাদের বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এরশাদের প্রতি মির্জা ফখরুল এ আহ্বান জানান। ঢাকা মহানগর বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে ‘সম্মিলিত নাগরিক কমিটি’র ব্যানারে ওই আলোচনার আয়োজন করা হয়।
আজ একটি পত্রিকায় প্রকাশিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লেখার উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, এরশাদ বলেছেন, জিয়াউর রহমান রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছেন। পত্রিকায় লেখা খোলা চিঠিতে এরশাদ মিথ্যাচার করেছেন। তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান ফখরুল।
বিএনপির এই নেতা দাবি করেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি। বিপ্লবের মধ্য দিয়ে সিপাহি-জনতা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
পাল্টা অভিযোগ করে ফখরুল বলেন, এরশাদই একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল করেছেন। দেশের রাজনীতির যে কলুষিত চেহারা তার হোতাও এরশাদ।
আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাঁদের নেতারা, সজীব ওয়াজেদ জয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ভাষায় বক্তব্য দেন, তা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এভাবেই বলতে তাঁরা অভ্যস্ত। কারণ, তাঁরা মনে করেন, বাংলাদেশ তাঁদের পৈতৃক সম্পত্তি।’

দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা ২০টি আসনও পাবে না। ঢাকা সিটি করপোরেশনেরও নির্বাচন দিচ্ছে না। কারণ, জানে, নির্বাচন হলে ফলাফল অন্য সিটি করপোরেশনগুলোর চেয়েও ভয়াবহ হবে।

নাসির উদ্দিন পিন্টুর মুক্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, পিন্টু সংগ্রামী জননেতা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়তে জানেন, এ কারণে তিনি আওয়ামী লীগের রোষের শিকার।

অন্যদের মধ্যে অনুষ্ঠানের সভাপতি আনোয়ার পারভেজ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।