এরশাদকে ক্ষমা চাইতে বললেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানের ক্ষমতায় যাওয়া নিয়ে দেওয়া বক্তব্যের জন্য এরশাদকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এরশাদের প্রতি মির্জা ফখরুল এ আহ্বান জানান।
ঢাকা মহানগর বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মুক্তির দাবিতে ‘সম্মিলিত নাগরিক কমিটি’র ব্যানারে এ আলোচনার আয়োজন করা হয়।
গতকাল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লেখাকে উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, ‘এরশাদ বলেছেন, জিয়াউর রহমান রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছেন। পত্রিকায় লেখা খোলা চিঠিতে এরশাদ মিথ্যাচার করেছেন।’ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল এ জন্য এরশাদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি। বিপ্লবের মধ্য দিয়ে সিপাহি-জনতা জিয়াকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরশাদই একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল করেছেন। দেশের রাজনীতির যে কলুষিত চেহারা তার হোতাও এরশাদ।
আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাঁদের নেতারা, সজীব ওয়াজেদ জয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ভাষায় বক্তব্য দেন, তা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এভাবেই বলতে তাঁরা অভ্যস্ত। কারণ, তাঁরা মনে করেন, বাংলাদেশ তাঁদের পৈতৃক সম্পত্তি।
নাসির উদ্দীন পিন্টুর মুক্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘পিন্টু সংগ্রামী জননেতা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়তে জানেন, এ কারণে তিনি আওয়ামী লীগের রোষের শিকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।