এরশাদকে ছাড়াই জাপার সংসদীয় দলের সভা
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ছাড়াই বসেছে দলটির সংসদীয় দলের বৈঠক। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসায় এ বৈঠক শুরু হয়।
গতকাল সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেন। এর ঠিক এক দিন পরই আজ এ বৈঠক বসল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে দলের চেয়ারম্যান এরশাদের সব নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্তের কথা বলবেন জি এম কাদের ও রুহুল আমিন হাওলাদার। অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতিনির্ধারণী বিবৃতি বা বক্তব্য প্রদান করতে পারবেন না বলে পার্টির চেয়ারম্যান এরশাদ এক সাংগঠনিক নির্দেশে জানিয়ে দিয়েছেন। এটা জাতীয় পার্টি ও পার্টির সংসদীয় দল—এই উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
আজ দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ বৈঠক নিয়ে দলের মধ্যে একটি অস্বস্তি দেখা দিয়েছে। কারণ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সিএমএইচ থেকে ছাড়া পেয়েছেন। তার পরও রওশন এরশাদের বাসায় নেতা-কর্মীদের বৈঠকে বসা নিয়ে দলের ভেতরে মতবিরোধ রয়েছে।
গত বৃহস্পতিবার এরশাদ সিএমএইচে থাকাকালে দলের সাংসদেরা জাতীয় সংসদে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করেন।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন এরশাদ। তবে এরশাদপত্নী রওশনের নেতৃত্বে জাপার একাংশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে নির্বাচনে অংশ নেয়। এতে এরশাদসহ ১৩ জন জয়ী হন। এর আগে রওশনসহ দলটির ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এখন দলটির মোট সাংসদ ৩৩ জন।
গত বৃহস্পতিবার দলের সাংসদেরা শপথ নিলেও এরশাদসহ দলের দুজন শপথ নেননি। পরে গত শনিবার এরশাদ শপথ নেন।