এরশাদকে জবরদস্তি গণতন্ত্রবিরোধী: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ একতরফা নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় তাঁকে জবরদস্তি করে সিএমএইচে ভর্তি করা শুধু গণতন্ত্রবিরোধীই নয়, সাধারণ রুচিশীল রাজনীতিরও বিরোধী। এ আচরণ আওয়ামী লীগের তথাকথিত গণতান্ত্রিক আচরণের মুখে কলঙ্ক লেপন করেছে।
আজ শনিবার এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, অনেক বিষয়ে এরশাদের সঙ্গে একমত না হলেও তিনি একজন রাজনীতিবিদ এবং তাঁর জনসমর্থন রয়েছে। তিনি একজন সাংসদ। এ সময় তিনি চিকিত্সার নামে এইচ এম এরশাদকে আটক রাখার নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আটকের বিষয়টি যদি এরশাদ ও প্রধানমন্ত্রীর যৌথ প্রযোজনায় সাজানো নাটকও হয়ে থাকে, তা হলেও এটা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।