যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে আওয়ামী লীগ আর টানাহেঁচড়া করবে না। জাপার নির্বাচনে আসা না-আসার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধান অনুযায়ী আগামী ৫ জানুয়ারিতেই নির্বাচন হবে।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব বলেন। মন্ত্রী এ সময় সেতুর মেরামতকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের মেঘনা, মেঘনা-গোমতি ও কাঁচপুর সেতুতে তাঁদের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, বিরোধী দল দেশে যেভাবে সরকারি ও জনগণের সম্পদ নষ্ট করছে, তাতে তারা যেকোনো সময় এ সেতুগুলোকেও টার্গেট করে বড় ধরনের ক্ষতি করতে পারে। সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু তোলার দিকেও দৃষ্টি আকর্ষণ করে যোগাযোগমন্ত্রী বলেন, এতে সেতুগুলো হুমকির মুখে পড়ছে।
ওবায়দুল কাদের আরও বলেন, ১৩ ডিসেম্বরের মধ্যে দেশে অনেক কিছুই ঘটতে পারে।