এরশাদকে পরকালের চিন্তা করতে বললেন ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে পরকালের চিন্তা করার পরামর্শ দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি এরশাদের উদ্দেশে বলেন, ‘আপনি আমার চেয়ে বয়সে বেশিই হবেন। ১৬ কোটি মানুষকে নিয়ে যে খেলা করার প্রক্রিয়া শুরু করেছেন, তাতে পরকালে জবাবদিহি করতে হবে।’
গতকাল শনিবার সকালে রাজধানীতে ‘গ্রহণযোগ্য নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় কামাল হোসেন এসব কথা বলেন। তোপখানা রোডের মুক্তি ভবনে এ গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)।
গণফোরামের সভাপতি বলেন, সরকারে থেকে নির্বাচন করলে কী হয়, মানুষ তা জানে। ’৮৬-এর নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল। ’৮৮-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। ’৯৬-এর ভোটারবিহীন নির্বাচন মানুষ মেনে নেয়নি। এ সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন নিয়ে দেশে খেলা শুরু হয়েছে। এটা হলে গণতন্ত্র খাঁচায় বন্দী হয়ে যাবে।
এরশাদ বলেছিলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে তিনি যাবেন না, গেলে মানুষ তাঁকে থুতু দেবে। কদিন পরই তিনি ভোল পাল্টিয়ে বলেন, নির্বাচনে না গেলে মানুষ থুতু দেবে। তাঁর এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরশাদ ‘থুতু সাহেব’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে মন্তব্য করেন কামাল হোসেন।
গণফোরামের সভাপতি বলেন, এরশাদ একই সঙ্গে সরকারেও আছেন, আবার বিরোধী দলেও আছেন। এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।