এরশাদকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন কাজী জাফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গাড়ি, টাকা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ পেলে কাজী জাফর নির্বাচনে যাবেন’ বলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাজী জাফর আহমদ। নইলে আইনের আশ্রয় নেবেন বলেও হুমকি দেন তিনি। নতুন ‘জাতীয় পার্টি’র চেয়ারম্যান কাজী জাফর আহমদ গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুমকি দেন। তিনি বলেন, ‘শর্ত সাপেক্ষে আমি সংসদ নির্বাচনে যেতে চেয়েছি এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে উপদেষ্টা পদ, এক কোটি টাকা এবং একটি গাড়ি চেয়েছি—এ কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই বক্তব্য সত্য প্রমাণ করার জন্য আমি তাঁকে চ্যালেঞ্জ করছি।’ কাজী জাফর দাবি করেন, তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার ওপর আস্থা রেখেছেন। আর এরশাদ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।