
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ভেঙে কাজী জাফর আহমদের নেতৃত্বে নতুন জাতীয় পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ কাউন্সিলে কাজী জাফরকে চেয়ারম্যান ও গোলাম মসীহকে মহাসচিব করে নতুন জাতীয় পার্টির কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে নিজেদের প্রকৃত জাতীয় পার্টি দাবি করে কাউন্সিলের মাধ্যমে এইচ এম এরশাদকে দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে বেলা দুইটার দিকে কাউন্সিল শুরুর কিছুক্ষণ পরে মিলনায়তনের গেটে চারটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাজী জাফর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যান, মহাসচিব ও ২৭ জন সভাপতিমণ্ডলীর সদস্যসহ ৮৯ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কাউন্সিলে সভাপতির বক্তব্যে কাজী জাফর বলেন, নবগঠিত জাতীয় পার্টির সামনে এখন তিনটি পথ খোলা, তা হলো: নিজেদের মতো পথচলা, ১৮-দলীয় জোটে যুক্ত হওয়া অথবা নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দল যে আন্দোলন করছে, তার সঙ্গে যুগপৎ আন্দোলন করা। এই তিনটি বিকল্পের মধ্য থেকে শিগগিরই একটিকে বেছে নেওয়া হবে। এরশাদের সমালোচনা করে কাজী জাফর বলেন, ‘তিনি নাকি আটক। অথচ তাঁর সঙ্গে সবাই দেখা করছেন। তিনি দলের নেতাদের বহিষ্কার করছেন। তাঁকে মুক্তি দিতে আইনি নোটিশ দিয়ে তা আবার প্রত্যাহার করা হলো। সবকিছু নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে।’
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সরকার ১৫৪ আসনে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। এখন নির্বাচনী বৈতরণী পার হতে সুন্দর একটা টোপ ফেলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, এ নির্বাচন হওয়ার পর বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে আবার দ্রুত সময়ে পরবর্তী নির্বাচন দেওয়া হবে। কিন্তু তাঁকে বুঝতে হবে, মানুষ এত বোকা না।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ডা. জাফরুল্লাহ প্রমুখ।