এরশাদকে বহিষ্কারের সিদ্ধান্ত কাল: কাজী জাফর
জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেছেন, এরশাদকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আগামীকাল বিশেষ কাউন্সিলে সিদ্ধান্ত হবে। আজ বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য দলের চেয়ারম্যানকে অপসারণ করতে পারেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, দলের গঠনতন্ত্রের ৩৭ ধারা অনুযায়ী দলের চেয়ারম্যানকে অপসারণের সুযোগ আছে।
দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে কাজী জাফর বলেন, যে তামাশার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি রাষ্ট্র ছাড়া বিশ্বের সবগুলো দেশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ড্যান ডব্লিউ মজীনা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে বিস্ময় ও প্রতিবাদ জানিয়েছেন। গণ চীন বিবৃতি দিয়ে বলেছে, বাংলাদেশকে তারা স্বাধীন ও সার্বভৌম দেখতে চায়।
সংবাদ সম্মেলনে কাজী জাফর বলেছেন, তিনি চীনের রাষ্ট্রদূতের বাসায় গিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছেন, গণ চীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত।
১৮ দলের সঙ্গে তাঁরা যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, আগামীকাল কাউন্সিলে সিদ্ধান্ত হবে ১৮ দলের যে আন্দোলন চলছে তার সঙ্গে জাতীয় পার্টি যুক্ত হবে কি না। তাঁরা এককভাবেও আন্দোলন চালিয়ে যেতে পারেন। এ ছাড়া বিকল্পধারা বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়েও তাঁরা আন্দোলনে যেতে পারেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন কাজী জাফর আহমেদ। তিনি বলেছেন, পাকিস্তান সীমারেখা লঙ্ঘন করেছে।