এরশাদকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘আটক’ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে সরকার। তবে এরশাদের সঙ্গে দেখা-সাক্ষাতের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জাপার একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রগুলো জানায়, এরশাদকে এভাবে জোরজবরদস্তি করে বিদেশে পাঠানোর পর প্রতিক্রিয়া কী হতে পারে এবং দেশের বাইরে গিয়ে এরশাদ আবার কী করে বসেন—এসব বিষয় ভেবেচিন্তে বিদেশে পাঠানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে সরকার। তবে খুব শিগগির এরশাদ সিএমএইচ থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। তাঁকে জাপার সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখার জন্য আরও কিছুদিন সিএমএইচে রাখতে চায় সরকার। এ সময়টায় দল পরিচালনার দায়িত্ব যাতে রওশন এরশাদের কাছে অর্পণ করা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে গতকাল এরশাদকে এ ধরনের মনোভাবের কথা জানিয়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিএমএইচ থেকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া থেকে সরে আসার পর এরশাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর দলের নেতাদের দেখা-সাক্ষাতের ব্যাপারে গতকাল বুধবার থেকে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। গতকাল তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও সহকারীদের যেতে দেওয়া হয়নি। তবে গতকাল সকালে এরশাদের ভাই ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের এবং সন্ধ্যায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গিয়ে এরশাদের সঙ্গে দেখা করেন।
এ ছাড়া গতকাল রওশন এরশাদের বাসা থেকে বের হওয়ার সময় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, এরশাদকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে—এ ব্যাপারে কিছু জানেন কি না? জবাবে তিনি বলেন, ‘স্যার (এরশাদ) কোথাও যাবেন না। তিনি দেশেই থাকবেন।’
ছয় দিন ধরে এরশাদ সিএমএইচে আছেন। এর আগে একতরফা নির্বাচন বর্জন, দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর নানামুখী চাপে পড়েন এরশাদ। এরপর তিনি গত বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জাপার দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ করেন। ওই দিন মধ্যরাতে র্যাবের একটি দল এরশাদকে তাঁর বারিধারার বাসা থেকে তুলে সিএমএইচে নিয়ে যায়। এরপর গত মঙ্গলবার সরকার তাঁকে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এ জন্য এরশাদ, ছেলে এরিখ এরশাদ, তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব.) খালেদ আকতার ও ব্যক্তিগত সহকারী আবদুল ওয়াহাবের পাসপোর্ট সরকারের একটি গোয়েন্দা সংস্থা সংগ্রহ করে বলে জাপার একাধিক সূত্র জানায়।