এরশাদকে রেখে রওশন জাপার সংসদীয় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভেতরে নাটকীয় সব তৎপরতার পর রওশন এরশাদ জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন। গতকাল বৃহস্পতিবার শপথের পরই দলের সাংসদেরা তাঁকে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচন করেন।
আসনসংখ্যার দিক থেকে এরশাদের জাতীয় পার্টি এখন দশম সংসদের প্রধান বিরোধী দল। গতকালের পদক্ষেপের মাধ্যমে রওশন বিরোধীদলীয় নেতা হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন।
জাতীয় পার্টির ৩৩ সদস্যের মধ্যে গতকাল এরশাদসহ দুজন শপথ নেননি।
এরশাদের নির্বাচন বর্জনের নির্দেশ অমান্যকারী নেতারা রওশনকে বিরোধীদলীয় নেতা বানাতে ভোটের পর থেকেই তৎপরতা শুরু করেন। দলের অন্য অংশের নেতারা এরশাদকে বিরোধী দলের নেতা করতে সক্রিয় হন। বস্তুত এ অংশের তৎপরতায় এরশাদ সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে চারটি শর্তে শপথ নিতে ও বিরোধীদলীয় নেতা হওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু এর আগেই রওশনপন্থী নেতারা দ্রুততার সঙ্গে বিরোধীদলীয় নেতার মনোনয়ন চূড়ান্ত করে ফেলেন।
সূত্র জানায়, এ অবস্থায় এরশাদের শপথ গ্রহণ করা, না করা নিয়ে সরকারের ভেতরে খুব একটা মাথাব্যথা নেই। এরশাদ নিজ গরজেই শপথ নেবেন বলে তাঁরা মনে করছেন।
বৈঠক শেষে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা নির্বাচন করে সংসদকে লিখিত জানিয়ে দিয়েছি। এখন অন্য কেউ চাইলেও বিরোধীদলীয় নেতা হতে পারবেন না।’
জাপার দলীয় সূত্রগুলো জানায়, রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা বানানোর সিদ্ধান্ত আগামী দিনগুলোতে এরশাদকে দলে নিষ্ক্রিয় করে রাখার জন্য রওশনপন্থী নেতাদের একটি প্রাথমিক পদেক্ষপ। ভবিষ্যতে দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাপার চেয়ারম্যানকে কোণঠাসা করার জন্য আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। গতকাল রওশন এরশাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত জাপার সংসদীয় দলের বৈঠকে এর ইঙ্গিত ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জাপার একাধিক সাংসদ দলের ভেতরে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আনার দাবি তোলেন। এ সময় কয়েকজন সাংসদ এরশাদের বারবার মত পরিবর্তনের সমালোচনা করেন। এ অবস্থায় প্রয়োজনে এরশাদকে ছাড়াই রওশন এরশাদের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নির্বাচনকে কেন্দ্র করে রওশন এরশাদের নেতৃত্বে দলের ভেতরে যে ‘বলয়’ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে এরশাদের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
গতকাল এরশাদের শপথ না নেওয়ার কারণ কী জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘তিনি (এরশাদ) যেকোনো সময় শপথ নিতে পারেন। যেহেতু তিনি কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, হয়তো সেগুলোর সমাধান হয়নি বলে শপথ নিতে দেরি হচ্ছে।’