পাঠ্যপুস্তকে ইতিহাসবিকৃতির অভিযোগের বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এরশাদুল বারীকে তলব করেছেন হাইকোর্ট। ১২ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত রুলের শুনানিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। রিট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের পৌরনীতি ও সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে বইয়ে ইতিহাসবিকৃতির অভিযোগে ২০১০ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিট করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। এর শুনানিকালে ১ মার্চ আদালত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বইয়ের পাঁচ লেখককে গতকাল আদালতে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশনা অনুযায়ী গতকাল সকালে আদালতে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক শওকত আরা হোসেন, সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ বিদেশে থাকায় গতকাল তিনি হাজির হননি। তাঁদের আজ আবার আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী বেলাল হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদের পক্ষে আইনজীবী সৈয়দ হায়দার আলী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।শুনানিতে হারুন-অর-রশিদ বলেন, ‘ইতিহাসবিকৃতির মতো এ ধরনের দুষ্কর্ম যারা করেছে, তারা স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ২০০০ সালের আগস্টে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য পৌরনীতি দ্বিতীয় পত্র বইটি লিখি। ওই সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। বইয়ে আমরা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের কথা এবং ওই দিনে বঙ্গবন্ধুর ঘোষণাও বইটিতে উল্লেখ করেছিলাম। কিন্তু ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধ্যাপক এরশাদুল বারী উপাচার্য হন। তারপর ২০০২ সালে আমাদের বিষয়টি বিকৃত করে পুনর্মুদ্রণ করা হয়। এটা চলে ২০০৯ সাল পর্যন্ত। পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে চিঠিও দিয়েছি। ইতিমধ্যে নিম্ন আদালতে মামলাও করেছি।’ যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের শাস্তি দাবি করেন তিনি। পরে বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ইতিহাসবিকৃতির ঘটনা তদন্তে ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটিকে আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে তদন্তাধীন বিষয়ে বক্তব্য রাখতে অনুরোধ করা হয়েছে।