এরশাদুল বারীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অনুসরণ না করায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এরশাদুল বারীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ এপ্রিল তাঁকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। ওই দিন তাঁর উপস্থিতি নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুটি পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগে করা এক রিটের শুনানিতে ১ মার্চ উক্ত বেঞ্চ এ বিষয়ে ব্যাখ্যা জানাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বইয়ের পাঁচ রচয়িতাকে ৫ মার্চ হাজির হতে বলেন। ওই দিন এরশাদুল বারীকে ১২ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পরদিন আদালত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরও ৩০ জনকে ১২ মার্চ হাজির হতে বলেন। একই সঙ্গে মামলা করতে বলেন কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে। আদালত সূত্র জানায়, ওই দুটি পাঠ্যপুস্তকের রচয়িতা পাঁচ লেখকের পাশাপাশি ৩০ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীসহ ২৯ জন গতকাল আদালতে হাজির হন। গতকাল আদালতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আদালতে বক্তব্য দেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি বিষয়ে ২০১০ সালে গঠিত একটি কমিটির প্রধান ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ ছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চান, অধ্যাপক শওকত আরা হোসেন ও জোবেদা আখতার বক্তব্য দেন। আদালতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।