এরশাদের অবস্থার কিছুটা উন্নতি
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অর্শ্ব (পাইলস) রোগের গুরুতর অবনতির কারণে গত মঙ্গলবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাঁকে। এর আগে গত শনিবার মধ্যরাতে এরশাদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল বুধবার সকাল থেকে এরশাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় গেলেও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেছেন, ‘স্যারের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দু-এক দিন পর স্যারকে বাসায় নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ অনুসারে প্রয়োজনে তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’হাসপাতাল সূত্র বলেছে, গত দুই দিনে এরশাদের শরীরে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তাঁর শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পা ফুলে গেছে এবং কয়েক দিন ধরে তিনি হাঁটতেও পারছেন না। ৮০ বছর বয়সী এরশাদ এক মাস ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। ১৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। এর এক দিন পরই আবার অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গাপুরে যাওয়ার আগেও তিনি ইউনাইটেড হাসপাতালে ছিলেন।