এরশাদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঈদ করতে রংপুরে এসে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দলের একাধিক প্রার্থীর প্রচারণায় অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে আওয়ামী লীগেরও চারজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শক্তির মহড়ায় ব্যস্ত। এর ফলে এ দুটি দলের নেতা-কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় ইতিমধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এরশাদ ঈদের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে নামলে সেখানে দলের সম্ভাব্য তিন মেয়র পদপ্রার্থীই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি বিকেলে জেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় সিটি করপোরেশন নির্বাচনে দলের একাধিক প্রার্থীর প্রচারণায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি এখনো কাউকে মনোনয়ন দিইনি। একাধিক প্রার্থীর প্রচারণায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’সরেজমিনে নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জাতীয় পার্টির তিন প্রার্থীই দলীয় চেয়ারম্যান এরশাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। জাতীয় পার্টির একাধিক প্রার্থী প্রসঙ্গে দলটির প্রবীণ নেতা সৈয়দ নূর আহমেদ বলেন, ‘দলের চেয়ারম্যান এরশাদকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোয় দল ত্রিধাবিভক্ত হয়েছে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘কী আর করার আছে? একাধিক প্রার্থীর প্রচারণায় দল যে ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে এ বিষয়টি কেউ যেন বুঝতেই চাইছেন না।’জাতীয় পার্টির সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মসিউর রহমান বলেন, ‘দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে নির্বাচনী প্রচারাভিযানে নেমেছি।’ সদ্য বিলুপ্ত হওয়া জেলা জাপার সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘এটি কোনো দলীয় নির্বাচন নয়। যে কেউ অংশ নিতে পারে বলে অনেকের মতো আমিও নির্বাচন করছি।’ জাপার আরেক প্রার্থী রংপুর পৌরসভার সাবেক মেয়র ও সদ্য বিলুপ্ত হওয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুর রউফ বলেন, ‘দলের চেয়ারম্যান কাউকে মনোনয়ন দেননি।’ এদিকে আওয়ামী লীগের চারজন সম্ভাব্য প্রার্থী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে চলেছেন। গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে তাঁদের শোভাযাত্রাও চলছে। এঁদের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণায় নেমেছি। কর্মময় জীবনের পরিচিতি দিয়ে একটি বইও বের করেছি।’আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে মনে করছি রংপুরের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া প্রয়োজন। তাই দলের মনোনয়নের বিষয়টি নিয়ে ভাবছি না।’ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, ‘সিটি করপোরেশনে নেতৃত্ব দিতে এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচারাভিযানে নেমেছি। তবে একাধিক প্রার্থী হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে।’ আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ কবির চৌধুরী বলেন, ‘আমি সম্প্রতি মোটর শোভাযাত্রা করে নগরবাসীকে জানান দিয়েছি আমি নির্বাচন করছি। এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না।’