দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের করা আপিল শুনানির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানির জন্য দিন ধার্য করতে গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেছে দুদক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালে এরশাদ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১২ সালে দুদক এতে পক্ষভুক্ত হয়। এই আপিলের শুনানির দিন ধার্যের জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহের নেতৃত্বাধীন একক বেঞ্চে আবেদন উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (আজ) বিষয়টি কার্যতালিকায় আসবে।
১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলায় বিচারিক আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়েছিল। ওই বছরই হাইকোর্টে আপিল করেন তিনি। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করেন।
আদালত সূত্র বলেছে, ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক উপপরিচালক ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করেন।