এরশাদের ইউটার্ন রাজনৈতিক অন্তর্ঘাতমূলক: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এরশাদের শেষ মুহূর্তের ইউটার্ন রাজনৈতিক অন্তর্ঘাতমূলক। তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীদের নামসহ নির্বাচনকালীন মন্ত্রিসভার যে গেজেটটি প্রকাশিত হয়েছে, তা প্রত্যাহার না হওয়া (ডিগেজেট) পর্যন্ত মন্ত্রীদের শপথ বহাল থাকবে। চাইলেও বেরিয়ে যাওয়া যায় না।
আজ বৃহস্পতিবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে এরশাদ নিজে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তর পেতে দেন-দরবার করেছেন। এরশাদের বর্তমান অবস্থান অনভিপ্রেত। মন্ত্রিসভায় যাওয়া কঠিন, বের হওয়া আরও কঠিন। মন্ত্রীদের প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিতে হয়। এরপর তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিলে তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়। চাইলেও এটা সম্ভব নয়।’
সুরঞ্জিত বলেন, এরশাদ সাহেব তাঁর দলের প্রার্থীদের পদত্যাগের কথা বলেছেন। এটা এখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আওতায় চলে গেছে। এখন বললেই প্রার্থিতা প্রত্যাহার সম্ভব নয়। এরশাদ সব সংশয়ের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।