এরশাদের ওপর সরকারের কোনো চাপ নেই: ইনু
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বা বেগম খালেদা জিয়ার ওপর সরকারের কোনো চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শনিবার দুপুরে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, হুসেইন মুহম্মদ এরশাদ ও তাঁর দল জাতীয় পার্টি সংবিধান রক্ষার্থে নির্বাচনে আসবে। তবে তাঁরা না এলেও নির্বাচনী কাফেলা সংবিধান অনুযায়ী এগিয়ে যাবে।’
বিরোধী দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইনু বলেন, ‘আগুনবাজ-বোমাবাজদের প্রকাশ্য মদদদাতাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বেগম খালেদা জিয়াকে আগুনবাজি ও বোমাবাজি বন্ধ করে সংলাপে আসার আহ্বান জানাচ্ছি। বেগম জিয়া সংলাপ-সমঝোতা থেকে দূরে থেকে জঙ্গিবাদ উসকে দিচ্ছেন।’ তিনি বলেন, জামায়াত-শিবিরের সহিংস তত্পরতা এ দেশের রাজনৈতিক ইতিহাসকে বিনষ্ট করেছে। তারা আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করছে। এগুলো বেগম খালেদা জিয়ার সরাসরি তত্ত্বাবধানে হচ্ছে। একাত্তরে তারা একই কাজ করেছে। এ মুহূর্তে সংবিধান ও রাজনীতি রক্ষা করতে যেমন নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন জাসদের সভাপতি।
ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, শহিদুল ইসলাম প্রমুখ।