‘নির্দেশ অমান্যকারী’ দলের মন্ত্রী-সাংসদদের ফিরে আসার জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ যে আহ্বান জানিয়েছিলেন, এক মাসেও তাতে সাড়া মেলেনি। বরং রওশন এরশাদপন্থী মন্ত্রী-সাংসদেরা এরশাদকে আরও বেশি করে এড়িয়ে চলছেন।
জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানায়, এমনিতেই নিজ দলের মন্ত্রী-সাংসদদের এড়িয়ে চলা নিয়ে ঘরে-বাইরে বেশ অস্বস্তিতে আছেন এরশাদ। এর মধ্যে আদালত মেজর জেনারেল (অব.) এম এ মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেওয়ায় নতুন করে চাপে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে এরশাদ স্ত্রী রওশন ও সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার কৌশল নিয়েছেন। একই সঙ্গে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন।
জানতে চাইলে এরশাদের মুখপাত্র ও নির্বাচন সমন্বয়কারী ববি হাজ্জাজ এ পরিস্থিতির কথা স্বীকারও করেন। তিনি প্রথম আলোকে বলেন, এরশাদের লক্ষ্য এখন দুটি। এক. দলকে তৃণমূল পর্যায়ে গুছিয়ে মানুষের দোরগোড়ায় নেওয়া। দুই. প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও শ্রমবাজার সৃষ্টির জন্য ভূমিকা রাখা।
তবে এরশাদের ঘনিষ্ঠ ও জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, মঞ্জুর হত্যা মামলা নিয়ে এরশাদ খুবই বিচলিত। এত দিন তিনি আশায় ছিলেন, মামলাটি খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং তা থেকে তিনি মুক্ত হবেন। কিন্তু নতুন বিচারক এসে অধিকতর তদন্তের আদেশ দেন। এই আদেশের পরদিন (২৮ ফেব্রুয়ারি) এরশাদ তাঁর এক ঘনিষ্ঠজনকে বলেছেন, মামলাটি দীর্ঘসূত্রতার বেড়াজালে বন্দী করা হয়েছে তাঁকে সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্য।
জাপার একাধিক সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এরশাদ সরকারের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনে উৎসাহ দেখাচ্ছেন।
৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাপার ‘কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ’ অনেকটাই হাতছাড়া হয়ে যায় এইচ এম এরশাদের। দলের ‘কর্তৃত্ব’ অনেকটাই চলে যায় স্ত্রী রওশন এরশাদের হাতে। দলের বেশির ভাগ মন্ত্রী-সাংসদ এখন রওশনের সঙ্গে আছেন। আর, দুর্বল সাংগঠনিক অবস্থার কারণে দলটি এখন অনেকটাই সাংসদনির্ভর হয়ে পড়েছে।
জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, এই অবস্থায় এরশাদ গত ১২ ফেব্রুয়ারি রাজধানীতে জাপার এক মতবিনিময় সভায় দলীয় মন্ত্রী-সাংসদদের তাঁর আনুগত্যে ফিরে আসার আহ্বান জানান। তা না হলে মন্ত্রী-সাংসদদের ‘আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার’ ভয় দেখান। কিন্তু সরকারে থাকা জাপার তিন মন্ত্রী এবং দলের অধিকাংশ সাংসদ এখনো বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। শুধু তা-ই নয়, এরশাদ সম্পর্কে গণমাধ্যমে বিরূপ মন্তব্যও করেছেন জাপার কোনো কোনো সাংসদ।
অবশ্য জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, জাপার মন্ত্রী-সাংসদেরা কেউ দলের বাইরে নন। তিনি দাবি করেন, সময়ের ব্যবধানে প্রমাণিত হবে, দলে কোনো অনৈক্য নেই।
এদিকে দশম সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জাপা থেকে যে ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়, তাতেও এরশাদের পছন্দ বেশি গুরুত্ব পায়নি। তিনি এ জন্য রওশনের কাছে কয়েক দফা তালিকা পাঠিয়েছিলেন। কিন্তু এরশাদের তালিকা থেকে তাঁর বোন মেরিনা রহমান ও চট্টগ্রামের মেহজাবিন মোরশেদ ছাড়া আর কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
সব মিলিয়ে ঘরে-বাইরে এরশাদ বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। এই অবস্থায় তাঁর অনুগত নেতাদের একটি অংশ মাঠপর্যায়ে দলকে দ্রুত সংগঠিত করার পাশাপাশি রওশনের সঙ্গে তাল মিলিয়ে চলার কৌশল নেওয়ার পরামর্শ দেয় বলে জানা গেছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করার পরিকল্পনা ও দলের ৩২টি মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।