এরশাদের তিন মিনিটের ফেনী নদী দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পথ লংমার্চের পর মাত্র তিন মিনিটের জন্য ফেনী নদী দর্শনে যান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।ফেনী নদীর পানি রক্ষার দাবিতে লংমার্চ শেষে এরশাদ গতকাল মঙ্গলবার সকালে নদীটি দেখতে বের হন। সকাল সোয়া নয়টায় তিনি ফেনী ও চট্টগ্রাম জেলার মধ্যবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট সেতু পর্যন্ত যান। সেখানে গাড়ি থেকে নেমে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিন মিনিট কথা বলে ঢাকার উদ্দেশে রওনা হন।এরশাদ বলেন, ‘ফেনী নদী কোনো অভিন্ন নদী নয়। এর উৎপত্তি বাংলাদেশে, এর পানি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। সুতরাং এ নদীর পানি ভাগাভাগি হতে পারে না।’আগের দিন সোমবার সকালে এরশাদ কয়েক শ গাড়ির বহর নিয়ে ভারতীয় আগ্রাসন থেকে ফেনী নদীর পানি রক্ষার দাবিতে ঢাকা থেকে ফেনী নদীর অভিমুখে লংমার্চ শুরু করেন। বিকেলে ফেনী শহরে পৌঁছান এবং পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। ফেনীতে রাত যাপন করে গতকাল সকালে নদী দেখতে বের হয়ে মহাসড়কের ধুমঘাট সেতু পর্যন্ত যান।ফেরার সময় সাংবাদিকেরা এরশাদকে প্রশ্ন করেন, ‘ভারত অন্যায়ভাবে পানির পাম্প বসিয়ে ফেনী নদীর পানি নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ জানাতে লংমার্চ করছেন, এখন পাম্প এলাকায় যাবেন কি না?’ জবাবে এরশাদ বলেন ‘পাম্প তো অনেক দূর।’স্থানীয় লোকজন জানায়, ধুমঘাট সেতু থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে মিরসরাই উপজেলার অলিনগরসংলগ্ন আমলিঘাট এলাকায় ফেনী নদীতে ভারত পাম্প বসিয়ে পানি টেনে নিচ্ছে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, ফেনী নদী অভিমুখে লংমার্চ কর্মসূচি নিয়ে দলের ভেতরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ কারণে জাপার জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদের নিজ এলাকা চৌদ্দগ্রামে কোনো পথসভা করা হয়নি। ওই এলাকায় জাপার কেন্দ্রীয় আরেক নেতা লংমার্চ উপলক্ষে বেশ কিছু তোরণ নির্মাণ করেন।