এরশাদের দাবি তিনি 'সুস্থ'
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি সুস্থ আছি। তবে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যাচ্ছি। শিগগির ফিরব।’
আজ রোববার বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অবশ্য সিএমএইচ হয়ে আজ রাতেই এরশাদ তাঁর বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনে ফিরে গেছেন।
সদ্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ পাওয়া এরশাদ সংসদে যাবেন কি না, বঙ্গভবনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ইলেকশনে যখন এসেছি, তখন পার্লামেন্টে অবশ্যই যাব।’ মন্ত্রিসভা কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালোই হয়েছে।’ অবশ্য এরশাদপত্নী ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গণমাধ্যম এড়িয়ে বঙ্গভবন ত্যাগ করেন।
জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ২৯ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘চিকিত্সা’ শেষে বাসায় ফেরেন এরশাদ।
সন্ধ্যে পৌনে সাতটার দিকে নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কে ফিরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান। বারিধারার প্রেসিডেন্ট পার্কে ছেলে এরিক এরশাদ ও কয়েকজন কর্মচারীকে নিয়ে বসবাস করেন সাবেক এই রাষ্ট্রপতি। এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এরশাদকে আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। নানা নাটকীয়তার পর আজ তিনি বাসভবনে ফিরলেন।