এরশাদের দুর্নীতি মামলা: সাজা বাড়াতে এবার আপিলে পক্ষ দুদক
দুর্নীতির একটি মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তিন বছরের সাজা বৃদ্ধি চেয়ে সরকারের করা আপিলের সঙ্গে এবার সহ-আপিলকারী হিসেবে যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সাজার রায়ের বিরুদ্ধে সহ-আপিলকারী হিসেবে অন্তর্ভুক্ত হতে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এরশাদের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এরশাদ ও সরকারের করা দুটিসহ তিন আপিল একসঙ্গে শুনানির জন্য ৩ এপ্রিল কার্যতালিকায় আসবে বলে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর সাজার বিরুদ্ধে এরশাদ আপিল করেন। এতে দুদক আগে পক্ষভুক্ত হয়। সাজা বৃদ্ধি চেয়ে সরকার ১৯৯২ সালে একটি আপিল করে। এরশাদের পক্ষে ওই মামলায় সাফাই সাক্ষী ছিলেন তৎকালীন সাংসদ তাজুল ইসলাম চৌধুরী। সাজার রায়ের পর সাক্ষ্যে জাল কাগজপত্র দেওয়ায় তাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতে আবেদন করে, যা খারিজ হয়। এর বিরুদ্ধে ১৯৯২ সালে রাষ্ট্রপক্ষ আরেকটি আপিল করে। এই দুই আপিলে সহ-আপিলকারী হিসেবে দুদক অন্তর্ভুক্ত হয়েছে।
তিন বছর সাজার রায়ের বিরুদ্ধে এরশাদের করা আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৩ মার্চ রায়ের দিন রেখেছিলেন। তবে সাজার রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের পৃথক আপিল বিচারাধীন এবং একসঙ্গে শুনানির আদেশ থাকায় সেদিন রায় ঘোষণা হয়নি। হাইকোর্ট প্রয়োজনীয় আদেশের জন্য তিন আপিলের নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। পরে প্রধান বিচারপতি ওই বেঞ্চে এসব আপিল শুনানি ও নিষ্পত্তির জন্য পাঠান। এরপর সরকারপক্ষের দুই আপিল সহ-আপিলকারী হিসেবে অন্তর্ভুক্ত হতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আজ আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক উপপরিচালক ক্যান্টনমেন্ট থানায় দুর্নীতির মামলাটি করেন। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। এ মামলায় ১৯৯১ সালের ২ মার্চ অভিযোগ গঠন করা হয়। বিচারিক আদালতের রায়ে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এরশাদের তিন বছরের সাজা হয়। ওই বছরই তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। ২০১২ সালে দুদক এতে পক্ষভুক্ত হয়।