তবে জাপা-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এরশাদের এ বক্তব্য পূর্বপরিকল্পিত। বিষয়টি আলোচনায় আনতে ওই দিন বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের নেওয়া এবং এ নিয়ে প্রশ্ন করানো হয়। সূত্রটির দাবি, সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি চরম বিপদসংকুল পর্যায়ে গেলে সমঝোতার পথ খোলা রাখার লক্ষ্যে এরশাদ এ প্রস্তাব দিয়ে রেখেছেন।
অবশ্য এরশাদের এ ‘আগ্রহ’ প্রকাশের তিন দিন আগেই জাপার একজন দায়িত্বশীল নেতা বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। ওই নেতা বলেন, চলমান সংকট সমাধানের লক্ষ্যে তাঁরা এরশাদকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে একটি সমঝোতা প্রস্তাবের কথা ভাবছেন।
এর আগে এরশাদ নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট সমাধানের লক্ষ্যে বর্তমান সংসদের নির্বাচিত ১০ জন প্রতিনিধি নিয়ে সব দলের সন্তুষ্টি সাপেক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করেছিলেন। তাতে সব পক্ষের সম্মতিক্রমে ওই ১০ জন প্রতিনিধির মধ্য থেকে একজনকে অথবা বাইরের একজনকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব করা হয়েছিল।
এখন এরশাদ নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেছেন। এর কারণ জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন দাবি করেন, নির্বাচনকালীন সরকারের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিরোধী দল থেকে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেখানে তৃতীয় পক্ষ হিসেবে এরশাদ অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নিতে অনাপত্তির কথা জানিয়ে সমঝোতার একটি নতুন পথের দিশা দিয়েছেন।
এরশাদের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর আরেক গুরুত্বপূর্ণ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এর পেছনে অন্য কোনো কারণ নেই। নির্বাচনকালীন সরকার নিয়ে দুটি প্রধান দলের মুখোমুখি অবস্থানের কারণে অনিবার্য হয়ে ওঠা সংঘাত এড়াতে এটি একটি ভালো সমাধান হতে পারে। তাঁর মতে, এরশাদের টানা নয় বছর রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিলে তিনি তা সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি এখন পর্যন্ত এরশাদের এ আগ্রহ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে নাম প্রকাশ না করা সত্ত্বেও জাপার দায়িত্বশীল একজন নেতা দাবি করেন, এরশাদের এ বক্তব্যের পেছনে দেশের ক্ষমতার পালাবদলের সঙ্গে যুক্ত দেশি ও আন্তর্জাতিক মহলের কোনো কোনো পক্ষের সায় আছে।