এরশাদের প্রকাশ্যে বিচার ও শাস্তি হওয়া উচিত: ফখরুল
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়া ও মুক্তিযোদ্ধা হত্যার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রকাশ্যে বিচার ও শাস্তি হওয়া উচিত।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। গত রোববার এক বিবৃতিতে জিয়াউদ্দিন আহমেদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন বঙ্গবন্ধুকে সপরিবারে এবং অসংখ্য সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা হত্যার সিঁড়ি বেয়ে।
বাবলুর এ বিবৃতির পর গতকাল মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, এরশাদ বিভিন্ন কূটচালে রাজনীতিবিদ ও ছাত্রনেতা-শ্রমিকনেতাসহ অনেককেই কিনতে চেষ্টা করেন। কিন্তু কয়েকজনকে ছাড়া এরশাদের কেনাবেচার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এরশাদ যেমন কেনাবেচা করতে পারেন, ঠিক তেমনিভাবে নিজেও কেনাবেচার পণ্য হতে পারঙ্গম। কিন্তু খালেদা জিয়া সবকিছু হারিয়েও দেশ ও মানুষের পক্ষে লড়াই করছেন। অন্যায় অহংকারের কাছে কোনো দিনই মাথানত করেননি।