এরশাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রকাশ্যে বিচার ও সাজা হওয়া উচিত।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। গতকাল রোববার বাবলু বিবৃতিতে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের জন্য  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন বঙ্গবন্ধুকে সপরিবারে এবং অসংখ্য সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা হত্যার সিঁড়ি বেয়ে।

বাবলুর এই বিবৃতির পর আজ মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, এরশাদ বিভিন্ন কূটচালে রাজনীতিবিদ ও ছাত্রনেতা-শ্রমিকনেতাসহ অনেককেই কিনতে চেষ্টা করেন। কিন্তু কয়েকজনকে ছাড়া এরশাদের কেনা-বেচার সব চেষ্টা ব্যর্থ হয়। এরশাদ যেমন কেনা-বেচা করতে পারেন, ঠিক তেমনিভাবে নিজেও কেনা-বেচার পণ্য হতেও পারঙ্গম। কিন্তু খালেদা জিয়া সবকিছু হারিয়েও দেশ ও মানুষের পক্ষে লড়াই করছেন। অন্যায় অহংকারের কাছে কোনো দিনই মাথা নত করেননি। নীতির প্রশ্নে কোনো আপস করেননি। ৫ জানুয়ারির তামাশার নির্বাচন বর্জন করেছেন। এটিই হচ্ছে প্রকৃত জাতীয়তাবাদী নেতৃত্বের দৃষ্টান্ত। আর ক্ষমতার গাজরের হালুয়ার লোভে রাজনৈতিক নীতিহীনরা যারা প্রতি প্রহরে রং বদলায়, তারা কখনোই জাতীয়তাবাদী হতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজনৈতিক দ্বিচারিতা, প্রাসাদ ষড়যন্ত্র, নির্লজ্জ মিথ্যাচার, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও ধর্মের নামে ভণ্ডামির এক মূর্ত প্রতীক হচ্ছেন এরশাদ। পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশের সামরিক বাহিনীতে যোগ দিয়ে নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হয়েই অবৈধভাবে ক্ষমতা দখলের কূটকৌশল শুরু করেন তিনি। আর তাঁর এই কূটকৌশলেই প্রাণ হারাতে হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াসহ অনেক মুক্তিযোদ্ধার। তাই এরশাদ ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাঁর প্রকাশ্য বিচার এবং প্রকাশ্য শাস্তি হওয়া উচিত।