দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রচারণার পরও জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুরের চার উপজেলা পরিষদের নির্বাচনে একটিতেও জিততে পারেননি জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থীরা৷ এ নিয়ে জেলার আট উপজেলার সব কটিতেই দল-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হলো৷ এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, এরশাদের ভাতিজা ও রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, জেলা পর্যায়ে দলের নেতৃত্বে দুর্বলতা ও সাংগঠনিক অবস্থা ভেঙে পড়াই হলো পরাজয়ের অন্যতম কারণ৷
গত সোমবারের নির্বাচনে চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে শুধু পীরগাছা উপজেলা পরিষদে জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সদর, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীও হতে পারেননি জাপা-সমর্থিত প্রার্থী৷ সদর ও গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির দুজন করে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
রংপুর সদর উপজেলায় দুজন প্রার্থীর মধ্যে এরশাদ-সমর্থিত প্রার্থী ছিলেন জাতীয় পার্টি সদর উপজেলা কমিটির সহসভাপতি সুলতানা আক্তার৷ দলীয় চেয়ারম্যান এরশাদের আদেশ উপেক্ষা করে এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন একই কমিটির সাবেক সভাপতি আবেদ আলী৷ এইচ এম এরশাদ সুলতানা আক্তারের পক্ষে নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছিলেন৷ তাঁকে ভোট দেওয়ার আহ্বান করে এরশাদ বলেছিলেন, ‘তাঁকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া৷ আমাকে ও আমার দলের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে ইতিপূর্বে এমপি নির্বাচিত করানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷’
কিন্তু এরশাদের এভাবে প্রচারণার পরও জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে ভোটাররা সাড়া দেননি৷ সুলতানা আক্তার নির্বাচনে চতুর্থ স্থানে রয়েছেন৷
জাতীয় পার্টির পরাজয় প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, দলের সাংগঠনিক অবস্থা দুর্বল করে ‘এরশাদীয়’ আবেগ দিয়ে মানুষের মন জয় করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয় বলে তা এবার উপজেলা নির্বাচনে প্রমাণ করে দিয়েছে৷
বিগত ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের আট উপজেলার মধ্যে তিনটিতে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন৷ অন্য উপজেলাগুলোতে দল-সমর্থিত প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন৷