এরশাদের বাসার সামনে থেকে বাবুলকে আটকের চেষ্টা, ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম বাবুল আটকের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। ছবি: ফোকাস বাংলা
নুরুল ইসলাম বাবুল আটকের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। ছবি: ফোকাস বাংলা

যমুনা গ্রুপের প্রধান নুরুল ইসলাম বাবুলকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আটকের চেষ্টা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাতে বাধা দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে যমুনা গ্রুপের প্রধান নুরুল ইসলাম বাবুল বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবন থেকে বের হচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নুরুল ইসলাম বাবুলকে একটি গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। তখন জাতীয় পার্টির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা দেন এবং তাঁকে এরশাদের বাসভবনের ভেতরে নিয়ে যান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, নুরুল ইসলাম বাবুলকে আটকের চেষ্টার ব্যাপারে তাঁরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে খোঁজ নিয়ে তাঁদের জানাবে বলেও তিনি জানান।

এদিকে রাত সাড়ে আটটার দিকে নুরুল ইসলাম বাবুলকে নিজ গাড়িতে করে প্রেসিডেন্ট পার্কের বাইরে নিয়ে যান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।