এরশাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাডার কেনাসংক্রান্ত দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৯ মে ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আবদুল মজিদ মামলার বাদী অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন কর্মকর্তা আলী হায়দারের জবানবন্দি গ্রহণ করেন। ১৮ বছর আগে দায়ের করা এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত বছরের ২ নভেম্বর। ওই দিন আদালত বাদী আলী হায়দারের আংশিক জবানবন্দি গ্রহণ করে গতকাল বুধবার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছিলেন। গতকাল এইচ এম এরশাদ ও বিমানবাহিনীর তৎকালীন প্রধান সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। বিমানবাহিনীর সাবেক আরেক প্রধান মমতাজ উদ্দিন আইনজীবীর মাধ্যমে হাজিরা দেখান। মামলার অপর আসামি এ কে এম মুসা পলাতক।এরশাদ বিমানবাহিনীর জন্য রাডার কেনার প্রক্রিয়ায় রাষ্ট্রের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকার ক্ষতি করেন বলে মামলার আরজিতে বলা হয়েছে। আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে ১৯৯২ সালে দায়ের করা এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি: এরশাদের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। লালমনিরহাট প্রতিনিধি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে সব ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করে জেলা জাতীয় পার্টি। মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে শহরের মিশন মোড় চত্বরে পথসভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মামলা প্রত্যাহার করা না হলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, এরশাদের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে গতকাল বিকেলে মহানগরের ডাকবাংলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার এই দুই বছরে হাজার হাজার রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার করলেও মহাজোট নেতা এরশাদের মামলা প্রত্যাহার করেনি। সমাবেশের আগে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।