এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ২০ বছর আগে করা রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার বাদী বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সাবেক কর্মকর্তা আলী হায়দার সাক্ষ্য দেন।ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ সাক্ষ্য-জেরা শেষে ২৯ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।গতকাল বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন। এরশাদের পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন। আইনজীবী শফিকুল ইসলাম বাদীকে জেরা করেন।এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ১৯৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরশাদ ছাড়া অপর তিনজন হলেন—বিমানবাহিনীর প্রধান সুলতান মাহমুদ, সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও এ কে এম মুসা। মুসা পলাতক রয়েছেন।