এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় মামলায় যুক্তিতর্ক ১৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় আগামী ১৯ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে যুক্তিতর্কের জন্য প্রস্তুত না থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এরশাদের পক্ষে তাঁর আইনজীবী সিরাজুল ইসলাম হাজিরা দেন। অন্য দুই আসামি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। অপর আসামি ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা মামলার শুরু থেকে পলাতক।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। তাতে অভিযোগ করা হয়, এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।