এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় মামলায় সাক্ষ্য দিলেন আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার কেনায় দুর্নীতির মামলায় গতকাল সোমবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সাক্ষ্য দেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন কর্মকর্তা এ বি এম নূরুন্নবী।ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নূরুল ইসলামের আদালতে নূরুন্নবীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তাঁকে আসামিপক্ষের জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেন।গতকাল পর্যন্ত এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। গতকাল এরশাদের পক্ষে আইনজীবী হাজিরা দেন। এ মামলার অন্য দুই আসামি মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে হাজির ছিলেন। অপর এক আসামি এ কে এম মুসা পলাতক।একটি হাই-পাওয়ার এবং দুটি লো-লুকিং লেভেল রাডার কেনায় রাষ্ট্রের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা ক্ষতি করার অভিযোগে ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলা করে। মামলার অভিযোগপত্র দেওয়া হয় ১৯৯৪ সালের ২৭ অক্টোবর। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ১৯৯৫ সালের ১২ আগস্ট।