জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে করা রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষ্য কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামী ১৫ মে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুর রশীদ এই আদেশ দেন।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মঞ্জুর আহমেদের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। এরপর দুদকের আইনজীবী মাহমুদ জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। দুদক এ মামলায় ১১ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।
গতকাল এ মামলায় এইচ এম এরশাদ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। অপর আসামিদের মধ্যে বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি এ কে এম মুসা পলাতক আছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। তাতে অভিযোগ করা হয়, জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিমানবাহিনীর জন্য ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত একটি উচ্চক্ষমতার ও দুটি নিম্নক্ষমতার রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়। কিন্তু পরবর্তী সময়ে এরশাদসহ অপর আসামিরা পরস্পরের যোগসাজশে ফ্রান্সের থমসনের রাডার না কিনে অনেক বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেন।