এরশাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা বিদিশার
এইচ এম এরশাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন তাঁর সাবেক স্ত্রী বিদিশা। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিদিশা এই মামলা করেন। বিচারক ইমরুল কায়েস মামলাটি গ্রহণ করে এরশাদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। আগামী ২০ এপ্রিল সমন জারি-সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য হয়েছে। মামলার আরজিতে বলা হয়, ফ্যাশন ডিজাইনার হিসেবে দেশে-বিদেশে বিদিশার সুনাম রয়েছে। তিনি এরশাদের স্ত্রী থাকাকালে রাজনৈতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ৪ জুুন এরশাদের প্ররোচনায় পুলিশ গুলশান থানার একটি চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ওই মামলায় বিদিশাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। গুলশান থানার পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিদিশাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।