এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে জাপার মিছিল
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় লালমনিরহাটে মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে এক পথসভার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির জেলা শাখা আয়োজিত ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, বাংলাদেশে এখন দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। দেশের শান্তিপ্রিয় সাধারণ জনগণ এর হাত থেকে বাঁচতে চায়। দেশের বিবদমান দুই রাজনৈতিক দলের এক দল ক্ষমতায় গেলে প্রতিপক্ষের ওপর ক্ষমতার দাপটে নির্যাতন ও নিপীড়ন চালায়।
পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম বলেন, রাজনৈতিক কারণে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। অথচ রাজনৈতিক মামলা আখ্যা দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা কয়েক হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।