এরশাদের মামলা প্রত্যাহারের দায়িত্ব নিলেন রওশন
‘আমি ওনার (এরশাদ) মামলা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীকে না হলেও এক শবার বলেছি। জবাবে প্রধানমন্ত্রী প্রত্যাহার করব করব বলেন,’ দলের এক সভায় নেতা-কর্মীদের উদ্দেশে বললেন রওশন এরশাদ। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলা প্রত্যাহারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিতে গিয়ে রওশন এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ এই সভায় কথা দিলাম, চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দায়িত্ব আমার। এর জন্য যা যা করা প্রয়োজন, তাই করব।’
গতকাল সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার যৌথসভায় বিক্ষুব্ধ কর্মীদের তোপের মুখে পড়েন রওশন এরশাদ। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ করতে এই সভা করা হয়। মঞ্চে এরশাদ, জি এম কাদের, রুহুল আমিন হাওলাদারসহ দলের অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।
এর আগে যৌথসভায় বক্তব্য দিতে গিয়ে রওশন এরশাদ জাপার সাংগঠনিক শক্তি ও দেশের বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলেন। উপস্থিত নেতা-কর্মীদের অনেকে উচ্চ স্বরে এরশাদের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের বিষয়ে রওশনকে বক্তব্য দিতে বলেন। কিন্তু রওশন সেদিকে দৃষ্টি না দিলে বিক্ষুব্ধ কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন কর্মীকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, জাতীয় পার্টির নাম করে এমপি হবেন, সরকারি সুবিধা নেবেন, অথচ এরশাদের মামলার বিষয়ে চুপ থাকবেন, তা হবে না। এ পর্যায়ে মহাসচিব রুহুল আমিন হাওলাদার মাইক হাতে নিয়ে নেতা-কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ম্যাডামের কথা আপনারা শুনুন। উনি সংসদে স্যারের (এরশাদ) মামলা প্রত্যাহারের বিষয়টি তুলবেন।’
এরপর রওশন এরশাদ কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা তোমাদের নেতার জন্য কষ্ট পাও, কিন্তু তিনি তো আমার স্বামী। তাঁর কষ্ট আমার চেয়ে আর কে বেশি বুঝবে।’ ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ করতে এই সভা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, রাডার ক্রয় দুর্নীতি এবং তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর দুটি মামলা নিয়ে এরশাদ চাপে আছেন। বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার নতুন করে সাক্ষ্য নিতে আদালত নির্দেশ দিয়েছেন।