এরশাদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে। লালমনিরহাট ও নীলফামারীতে এসব কর্মসূচি পালন করেন জাপার নেতা-কর্মীরা।
এ ছাড়া এরশাদের মুক্তি ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাপা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
লালমনিরহাট: বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিডিআর রোডে অবস্থিত জাপার কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে ফিরে আসে। পরে নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক খাজা মঈন উদ্দিন। সভায় বক্তব্য দেন সদর উপজেলা জাপার সভাপতি আকবর ঈমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর জাপার সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এরশাদকে অবিলম্বে মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাপা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
পাটগ্রাম (লালমনিরহাট): দুপুর ১২টার দিকে উপজেলা জাপার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাপার নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর বাজারের চৌরাস্তা মোড়ে পথসভা করে। এতে
বক্তব্য দেন উপজেলা জাপার আহ্বায়ক কুদরত এলাহী, হাতীবান্ধা উপজেলা জাপার সভাপতি এম জি মোস্তফা প্রমুখ।
নীলফামারী: দুপুরে দলীয় কার্যালয় থেকে জাপার নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন জেলা জাপার আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা জাপার সদস্য খয়রাত হোসেন শাহ, রুহুল আমিন, সুজা উদ দৌলা প্রমুখ।
জয়পুরহাট: এরশাদের মুক্তি ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বিকেল সাড়ে তিনটার দিকে শহরের চিনিকল সড়কের জাপার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাপার আহ্বায়ক হেলাল উদ্দিন। বক্তব্য দেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোক্তাদির তিতাস, সদর উপজেলা জাপার সভাপতি লোকমান হোসেন, পৌর জাপার সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ।