এরশাদের মুক্তি দাবির মিছিল গড়াল সংঘর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আজ মঙ্গলবার জাতীয় পার্টির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। কয়েকটি টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের পর রংপুর শহরে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে এক পক্ষ। তবে আরেক পক্ষ আগামীকাল রংপুর শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটি আগামীকাল রংপুর শহরে সকাল-সন্ধ্যা এবং নতুন কমিটি ৪৮ ঘণ্টার হরতাল ডাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শাপলা চত্বর থেকে নতুন ঘোষিত জাতীয় পার্টির নেতা-কর্মীরা এরশাদের ‘আটক’ অবস্থা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা পৌনে একটার দিকে মিছিলটি শহরের পায়রা চত্বরে এলে বিলুপ্ত ঘোষণা করা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে দুই পক্ষের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। সংঘর্ষের পর দুই কমিটির পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে।

১৫ ডিসেম্বর রংপুর জেলা ও মহানগর জাপা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর পর থেকে বিবদমান দুটি পক্ষ আবার নতুন করে সক্রিয় হয়ে ওঠে।

ওই দিন জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান ও জেলা সাধারণ সম্পাদক আবদুল মাসুদ চৌধুরীকে বাদ দিয়ে নতুন করে জেলা ও মহানগর জাপার কমিটি গঠন করা হয়। এতে জেলা ও মহানগর জাপার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে করিম উদ্দিন ভরসাকে। জেলা জাপার সদস্যসচিব করা হয়েছে দল থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে। সাবেক পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফকে করা হয়েছে মহানগর জাপার সদস্যসচিব। নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব শহরের নিউ সেনপাড়ায় এরশাদের বাড়িতে এক সংবাদ সম্মেলনও করেন। সেখানে উপস্থিত ছিলেন এরশাদের ভাতিজা ও সাংসদ আসিফ শাহরিয়ার।

কমিটি বিলুপ্তি মানেন না মসিউর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় তাঁদের দখলে রয়েছে। 

জেলা জাপার নতুন কমিটির সদস্যসচিব মোস্তাফিজার রহমান বলেন, ‘দলের চেয়ারম্যান আমাকে ফোন করে এই কমিটি গঠন করেছেন। নতুন কমিটির পক্ষ থেকে এরশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হলে বিলুপ্ত হওয়া কমিটির লোকজন হামলা চালায়।’

বিলুপ্ত মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বলেন, ‘দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে গত সেপ্টেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে আমাদের কমিটি গঠন করা হয়। আমরা ওই সিদ্ধান্ত মানি না।’