এরশাদের রাডার কেনা মামলায় ২০আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় আগামী ২০ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এই তারিখ ধার্য করেন।
ঢাকার বিভাগীয় জজ আদালতের বিচারক আব্দুর রশিদ গত ১১ জুন যুক্তিতর্ক উপস্থাপনকালে শুনানি গ্রহণে অসম্মতি প্রকাশ করেন। পরে মামলার বিচার নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গতকাল আদালত মামলার নথি গ্রহণ করে নতুন করে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, তৎকালীন বিমানবাহিনী-প্রধান সদর উদ্দিন আহমেদ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য যুগোপযোগী রাডার কেনার আবেদন করেন। রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দুটি লো লেভেল রাডার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। তবে এরশাদসহ অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে থমসন কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়। এই ঘটনায় ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলা করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয। ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।