এরশাদের রাডার ক্রয় মামলায় দুদকের আবেদনে আদেশ কাল
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে করা বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারিক আদালতে যুক্তিতর্কের পরিবর্তে সাক্ষ্য গ্রহণে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই আবেদনের ওপর কাল বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন উচ্চ আদালত।
আজ বুধবার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ঠিক করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই মামলায় অভিযোগপত্রে ৩৮ জন সাক্ষী ছিল। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখা হয়। এ পরিস্থিতিতে দুদক বাকি সাক্ষীদের সাক্ষ্য নিতে বিচারিক আদালতে আবেদন করলে তা খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে গত রোববার দুদক পুনর্বিবেচনার আবেদনটি করে। আবেদনে বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনের শুনানি শেষ হয়েছে আজ। কাল আদেশের জন্য রাখা হয়েছে।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। এতে অভিযোগ করা হয়, এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা।