এরশাদের রাডার দুর্নীতি মামলার যুক্তিতর্ক অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে করা রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি শাহিন আহমেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামী বৃহস্পতিবার আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এই দিন ধার্য করেন।
আজ এই মামলার আসামি এইচ এম এরশাদের পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম হাজিরা দেন। এ ছাড়া অন্য আসামি বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি এ কে এম মুসা শুরু থেকেই পলাতক।
১৯৯২ সালের ৪ মে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে মামলাটি করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরের বছর ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদক আসামিদের বিরুদ্ধে ১২ জন সাক্ষীকে উপস্থাপন করে।
মামলায় অভিযোগ করা হয়, তত্কালীন বিমানবাহিনী প্রধান সদর উদ্দিন আহমেদ তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন। জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দুটি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কিন্তু তত্কালীন রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়।