এরশাদের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী মো. এরশাদকে রিমান্ডে নিচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এই আদেশ দেন। গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানার লাভ লেন এলাকার বাসা থেকে এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এরশাদকে জিজ্ঞাসাবাদ করতে চকবাজার থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঈদের কেনাকাটা করতে ১৩ জুন পটিয়া থেকে চট্টগ্রাম নগরে আসা শিরিন আক্তার জামালখান মোড়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হন। সাত দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা যান।