এরশাদের শেষ কথা শুনতে আরও অপেক্ষা: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এরশাদ সাহেবের শেষ কথা শোনার জন্য আরও অপেক্ষা করতে হবে।’ আজ শুক্রবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে মানিকদী-সিগন্যালগেট-আইএসএসবি সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এরশাদ বলেন, দুই-এক দিনের মধ্যে মহাজোট ছেড়ে নতুন জোট গড়বেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজনীতি হচ্ছে একটা দাবা খেলা। এখানে কার মন্ত্রিত্ব থাকবে আর কারটা থাকবে না, তা বলা যায় না। তবে অল্প কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক দৃশ্যপটে রংধনু দৃশ্যমান হবে। যার যার অবস্থান পরিষ্কার হয়ে যাবে।’

আজ যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ক্যান্টনমেন্টে মানিকদী-সিগন্যালগেট-আইএসএসবি এলাকায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। ব্যয় হচ্ছে ১৭ কোটি টাকা।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও শত শত পোশাককর্মীর যাতায়াতে সড়কটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।